উপকার, গোপনে না প্রকাশ্যে?—একটি আত্মদর্শন

উপকার, গোপনে না প্রকাশ্যে?—একটি আত্মদর্শন

মানুষ এক আশ্চর্য প্রাণী। তার চাওয়া-পাওয়ার সীমা নেই। আবার তার প্রতিক্রিয়ার ধরনও অনেক সময় অপ্রত্যাশিত। জীবনের পথে চলতে গিয়ে আমরা একে অপরকে উপকার করি, আবার কেউ আমাদেরও উপকার করে। তবে মাঝে মাঝে মনে আসে, আসলেই কি উপকার প্রকাশ্যে করা উচিত, নাকি গোপনে করাই ভালো?

আমার অভিজ্ঞতা বলে, যখন আমরা কারো উপকার প্রকাশ্যে করি, তখন তা অনেক সময় অপরপক্ষ তাদের চাহিদা পূরণের স্বাভাবিক অধিকার হিসেবে নেয়। প্রথমে কৃতজ্ঞতা জানালেও ধীরে ধীরে সে উপকারটিকে ‘স্বাভাবিক’ মনে করতে শুরু করে। একসময় দেখা যায়, সেই ব্যক্তি তার প্রয়োজন মেটানোর বাইরেও সীমা ছাড়িয়ে অতিরিক্ত আশা করতে থাকে।

এছাড়া, প্রকাশ্য উপকারের আরেকটি খারাপ দিক হলো, এটি মানুষকে নির্ভরশীল করে তোলে। যখন কেউ বারবার সহায়তা পায়, সে নিজের চেষ্টা বা উদ্যোগের পরিবর্তে অন্যের দিকে তাকিয়ে থাকতে শিখে। ফলে, উপকারের পরিবর্তে তা হয়ে ওঠে অভ্যাসের বোঝা, যা থেকে বেরিয়ে আসা বেশ কঠিন।

আপনি যদি মনে করেন যে আপনি সবসময় উপকারী বা ছাড় দেয়ার মানসিকতা রাখেন, তবে কিছু মানুষ আপনার এই মানসিকতাকে দুর্বলতা হিসেবে দেখতে পারে এবং আপনার ওপর সুবিধা নিতে পারে। সবসময় অন্যদের ভালো করতে গিয়ে আপনি হয়তো নিজের অধিকারের প্রতি খেয়াল রাখবেন না। এর ফলে আপনার নিজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আপনি সবসময় অন্যদের জন্য ছাড় দেন, আপনি হয়তো আপনার সীমা অতিক্রম করতে পারেন এবং নিজের প্রয়োজনীয়তা বা চাহিদাকে অবহেলা করতে পারেন। অন্যদের প্রাধান্য দিয়ে নিজের প্রাধান্য ভুলে গেলে মানসিক চাপ সৃষ্টি হতে পারে, কারণ আপনি নিজেকে উপেক্ষিত বা অবহেলিত মনে করতে পারেন। কিছু মানুষ আপনার দয়ালু আচরণকে দুর্বলতা হিসেবে নেবেন এবং এ থেকে লাভ নিতে পারেন, যা দীর্ঘমেয়াদে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে, আপনি যদি ঠিকভাবে নিজের সীমা নির্ধারণ করেন এবং বুঝে-শুনে সহানুভূতির আচরণ করেন, তাহলে অনেক সম্পর্ক গড়তে সাহায্য হতে পারে। এছাড়া, মানুষকে বারবার ছাড় দেওয়া তার আত্মমর্যাদা এবং স্বচ্ছতা নষ্ট করতে পারে। যখন কেউ বারবার ছাড় পায়, সে নিজের দায়বদ্ধতা ও কাজের প্রতি উদাসীন হয়ে পড়তে পারে।যা আমাদের সম্পর্ক এবং ব্যক্তিত্বের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে।

সবচেয়ে খারাপ সময় তখন আসে, যখন মানুষ বুঝে যায় আপনি একমাত্র ব্যক্তি, যে অবশ্যই তাকে ছাড় দিবেন বা তার সাহায্যে আসবেন। তখন তারা আপনার কাছ থেকে সবসময় কিছু আশা করতে থাকে। আর তারা একবার সহায়তা বা ছাড় না পেলে, সব কিছু ভুলে যায়, আপনাকে ‘খারাপ’ হিসেবে দেখতে শুরু করে।

সমাজে অনেকেই আছে, যারা কারো উন্নয়ন বা প্রভাবশালী অবস্থান সহ্য করতে পারে না। প্রকাশ্য দান বা সহায়তা অনেক সময় ঈর্ষার জন্ম দেয়, সম্পর্ক নষ্ট করে, এমনকি অপবাদেও পরিণত হতে পারে। কিন্তু গোপনে সাহায্য করলে, উপকারও হয়, আবার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তাও বজায় থাকে।

এ কারণেই, গোপনে বা পরোক্ষভাবে উপকার করার প্রক্রিয়া অনেক সময় অধিক ভারসাম্যপূর্ণ এবং ফলপ্রসূ হয়। এটি শুধুমাত্র উপকারের উদ্দেশ্যকে নিঃস্বার্থ রাখতে সাহায্য করে না, বরং আমাদের সম্পর্কের মধ্যে খোলামেলা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

এভাবে উপকার করলে, সম্পর্কের মধ্যে এক ধরনের মর্যাদা এবং আত্মসম্মান রক্ষা হয়। এই ধরনের উপকারের মাধ্যমে আমরা জানাতে পারি যে, আমাদের সহায়তা একান্তই ভালোবাসা, দয়ালুতা ও আন্তরিকতা থেকে আসে—যা কোনো পাওয়ার আশা ছাড়া।

পরোক্ষ বা গোপন উপকারটি এমন হবে, যার উপকার করলেন সেও জানে না যে, আপনি তার উপকার করেছেন। তবে এভাবে উপকার করতে চাইলে নিজেকেও জাহির করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়—মানসিক শান্তি ও সামাজিক ভারসাম্যের স্বার্থেও এটা জরুরি। তবেই আমরা নিজেকে মানুষের অকারণ প্রত্যাশার ভার থেকে রক্ষা করতে পারব, আবার অন্যের পাশে দাঁড়ানোর দায়িত্বও পালন করতে পারব।

কাজিমুল ইসলাম

এডভোকেট

জজ কোর্ট, টাঙ্গাইল

মোবাইল : 01760848419

সাম্প্রতিক
error: Content is protected !!