পিতা-মাতা আমাদের জীবনের ভিত্তি। তাঁদের ত্যাগ আর ভালোবাসায় গড়ে ওঠে আমাদের অস্তিত্ব। কিন্তু আধুনিক ব্যস্ত জীবনে আমরা অনেকেই ভুলে যাই তাঁদের প্রতি আমাদের নৈতিক ও আইনগত দায়বদ্ধতা।
নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সন্তানের কর্তব্য
✅ সম্মান ও শ্রদ্ধা:
পিতা-মাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রতিটি সন্তানের মৌলিক ও নৈতিক দায়িত্ব। এটি ধর্মীয়ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
✅ সেবা ও দেখাশোনা:
বার্ধক্যে পিতা-মাতার শারীরিক ও মানসিক সেবা করা সন্তানের দায়িত্ব। সময় দেওয়া, চিকিৎসা করানো ও ভালোবাসা দেওয়া অপরিহার্য।
✅ আর্থিক সহায়তা:
সক্ষম সন্তানদের উচিত তাঁদের পিতা-মাতার প্রয়োজনীয় খরচ বহন করা—এটি মানবিকতার অংশ।
বাংলাদেশের আইন অনুযায়ী বাধ্যবাধকতা
২০১৩ সালে প্রণীত “পিতা-মাতার ভরণ-পোষণ আইন” অনুযায়ী:
📌 আইনি দায়িত্ব:
উক্ত আইনের ধারা ৩ অনুসারে, “প্রত্যেক সন্তান তাহার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিতে বাধ্য থাকিবে”।
উক্ত আইনের ধারা ৪ অনুসারে, “ প্রত্যেক সন্তান তাহার (ক) পিতার অবর্তমানে দাদা-দাদীকে; এবং (খ) মাতার অবর্তমানে নানা-নানীকে ধারা ৩ এ বর্ণিত ভরণ-পোষণ প্রদানে বাধ্য থাকিবে এবং এই ভরণ পোষণ পিতা-মাতার ভরণ-পোষণ হিসাবে গণ্য হইবে“।
📌 আলাদা থাকলেও দায়বদ্ধতা থাকে:
উক্ত আইনের ধারা ৩(৭) অনুসারে, সন্তান আলাদা বা পৃথক বাস করিলেও তার দায়িত্ব শেষ হয় না।
📌 শাস্তির বিধান:
এই দায়িত্ব পালন না করলে ধারা ৫ অনুসারে সন্তান অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে; বা উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডিত হইবে।
কোন সন্তানের স্ত্রী, বা ক্ষেত্রমত, স্বামী কিংবা পুত্র-কন্যা বা অন্য কোন নিকট আত্নীয় ব্যক্তি (ক) পিতা-মাতার বা দাদা-দাদীর বা নানা-নানীর ভরণ-পোষণ প্রদানে বাধা প্রদান করিলে; বা (খ) পিতা-মাতার বা দাদা-দাদীর বা নানা-নানীর ভরণ-পোষণ প্রদানে অসহযোগিতা করিলে, তিনি উক্তরূপ অপরাধ সংঘটনে সহায়তা করিয়াছে গণ্যে একই দণ্ডে দণ্ডিত হইবে।
📌 অভিযোগ করার পদ্ধতি:
পিতা-মাতা ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করিতে পারেন।
উপসংহার
পিতা-মাতা শুধু জন্মদাতা নন, তাঁরা আমাদের জীবনের বটবৃক্ষ। তাঁদের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ শুধু একটি সামাজিক চেতনা নয়, এটি এখন রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত আইনি বাধ্যবাধকতা। আসুন, পিতা-মাতার প্রতি আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করি এবং সমাজে একটি দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলি।
কাজিমুল ইসলাম
এডভোকেট
জজ কোর্ট, টাঙ্গাইল
মোবাইল : 01760848419